শেষ মুহূর্তে স্থগিত এরফান সোলতানির মৃত্যুদণ্ড


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন /
শেষ মুহূর্তে স্থগিত এরফান সোলতানির মৃত্যুদণ্ড

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

২৬ বছর বয়সী এই তরুণের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা ছিল। তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেনগাও’ জানিয়েছে, শেষ পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ এই দণ্ড কার্যকর করা থেকে বিরত থেকেছে। এরফানের আত্মীয় সোমায়েহ নিশ্চিত করেছেন যে দণ্ডটি কার্যকর করা হয়নি, তবে এটি পুরোপুরি বাতিলও করা হয়নি। ফলে পরিবারটি এখনো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

পেশায় একজন দোকানব্যবসায়ী এরফান সোলতানি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাস করতেন। মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর তথ্যমতে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির মতো সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়। বিচার ব্যবস্থার এমন তড়িঘড়ি প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে যখন এরফানকে গ্রেফতার করা হয়, তখন ওই এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ক্র্যাকডাউন শুরু করে। গত সপ্তাহে দেশজুড়ে যে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, এরফান তাদেরই একজন। আটকের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেছিলেন। অ্যামনেস্টির অভিযোগ, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমনের উদ্দেশ্যে আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করার কৌশল গ্রহণ করেছে।

এরফানের মৃত্যুদণ্ড স্থগিত হলেও তার ভবিষ্যৎ নিয়ে মানবাধিকার কর্মী ও পরিবারের শঙ্কা এখনো কাটেনি।